ঢালিউড

অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যু: প্রেমিক হাসিবুর রহমান কারাগারে

ঢাকা, ১৬ আগস্ট – রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক এসএম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত আগামী ১৮ আগস্ট শুনানির দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের তথ্যানুযায়ী, আসামি হাসিবুর মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে লিনাকে মানসিক যন্ত্রণা দিতেন এবং আত্মহত্যায় প্ররোচনা দেন। সেই নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৫ আগস্ট ভোরে লিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাসিবুর রহমান অপরাধ স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ভাটারা এলাকার একটি ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মডেল লিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

লিনার পরিবারের অভিযোগ, হাসিবুর দীর্ঘদিনের সম্পর্কের শুরু থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিন রাতে লিনা তার বান্ধবীদের সাথে বাসায় ছিলেন এবং হাসিবুরের সঙ্গে ফোনে বাগবিতণ্ডার পর ড্রয়িং রুম থেকে নিজের ঘরে চলে যান। পরে ভোরে হাসিবুর ওই ফ্ল্যাটে গিয়ে লিনা গলায় ফাঁস দিয়েছেন বলে বান্ধবীদের জানান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লিনার মা মনি বেগম বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন। অভিনেত্রী রিধি মডেলিংয়ের পাশাপাশি এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

এনএন/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language