বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জারে বড় ধরনের বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এই সমস্যা শুরু হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন যে তাদের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে।

সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে এই বিভ্রাটের ফলে ব্যবহারকারীরা সাইটটিতে প্রবেশ করতে পারছেন না।

আউটেজ ট্র্যাকিং সাইট ফাস্টডাউনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ জনের বেশি ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে এই সমস্যার প্রকোপ বেশি দেখা গেছে। ডাউন ডিটেক্টরও একই ধরনের সমস্যার কথা নিশ্চিত করেছে।

ইতিমধ্যে প্রায় সাড়ে সাত হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। অনেক ব্যবহারকারী পুনরায় লগইন করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। তাদের মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে পেজটি বর্তমানে পাওয়া যাচ্ছে না মর্মে একটি ইংরেজি বার্তা ভেসে উঠছে।

ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি একই সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রামেও। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী এই ভোগান্তির কথা শেয়ার করছেন। প্রযুক্তি বিশ্লেষকরা ব্যবহারকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ১২ জুন ২০২৬


Back to top button