মাদ্রিদের দাবানল দুর্গতদের সহায়তায় হাত বাড়ালেন লিওনেল মেসি

মাদ্রিদ, ৪ আগস্ট – বিশ্বকাপের রেশ কাটিয়ে ফের মানবিক কাজে আলোচনায় উঠে এসেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও এলাকা পুনর্গঠনে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির এই সহায়তা কার্যক্রমের আওতায় তিনি প্রায় ৮০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৫ লাখ টাকা প্রদান করেছেন।
মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই মহতী উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফুটবল কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনে এই অর্থ ব্যয় করা হবে।
আয়ুসো আরও বলেন আমরা মেসির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অচিরেই তাকে মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা ও প্রাপ্য সম্মান জানানোর সুযোগ পাব বলে আশা করছি।
উল্লেখ্য গত সপ্তাহে মাদ্রিদের উত্তর পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানলে প্রায় ২৭ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। স্পেনের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই প্রাকৃতিক দুর্যোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে বহু মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়। কৃষিজমি ও স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আটবারের ব্যালন ডিঅর জয়ী মেসির এমন মানবিক আচরণ নতুন নয়।
এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও শিশু কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন তিনি। মাদ্রিদের এই সংকটকালেও তার দেওয়া অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









