বিজ্ঞান ও প্রযুক্তি

আকাশে আজ দেখা মিলবে বিরল ব্লু মুনের: মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বিশ্ব

মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য আজকের রাতটি এক বিশেষ আকর্ষণ নিয়ে আসছে। ৩১ মে দিবাগত রাতে আকাশে দেখা মিলতে পারে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ব্লু মুনের। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন।

জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী ব্লু মুন মানে চাঁদ নীল হয়ে যাওয়া নয়। সাধারণত একই ইংরেজি ক্যালেন্ডার মাসে দুটি পূর্ণিমা সংঘটিত হলে দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়। চাঁদের আবর্তনকাল প্রায় ২৯ দশমিক ৫ দিন হওয়ায় প্রতি দুই থেকে তিন বছর অন্তর এমন ঘটনা ঘটে থাকে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে যে সর্বশেষ ২০২৩ সালের আগস্টে এমন দৃশ্য দেখা গিয়েছিল এবং ২০২৬ সালের মে মাসে আবারও এই সুযোগ এল।

এবারের পূর্ণিমাকে একই সঙ্গে মাইক্রো মুন হিসেবেও অভিহিত করা হচ্ছে। যখন পূর্ণিমার চাঁদ পৃথিবী থেকে তার কক্ষপথের সবচেয়ে দূরের অবস্থান অর্থাৎ অ্যাপোজির কাছাকাছি থাকে তখন তাকে মাইক্রো মুন বলা হয়। এর ফলে চাঁদকে স্বাভাবিকের তুলনায় কিছুটা ছোট এবং কম উজ্জ্বল দেখায়। এই সময়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ৬ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা স্বাভাবিক গড় দূরত্বের চেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে চাঁদকে দিগন্তের কাছে প্রথমে কিছুটা কমলা বা সোনালি রঙের মনে হতে পারে। তবে আকাশের উপরে ওঠার সঙ্গে সঙ্গে এটি তার চিরচেনা উজ্জ্বল সাদা রূপ ধারণ করবে।

এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য কোনো বিশেষ টেলিস্কোপের প্রয়োজন নেই বরং দর্শনার্থীরা খালি চোখেই এটি নিরাপদে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।

এই ঘটনার পর ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আবারও ব্লু মুনের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language