বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ওয়েবে ভিডিও কল ও স্ক্রিন শেয়ারিং সুবিধা, জুমের সাথে টক্কর

ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা দূর হতে যাচ্ছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা মোবাইল অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। জুম এবং গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে এই নতুন ফিচারগুলো যুক্ত করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।

নতুন এই আপডেটে হোয়াটসঅ্যাপ ওয়েবে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কল ও গ্রুপ ভিডিও কলের পাশাপাশি অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের জন্য স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধাও পাবেন।

এছাড়া যুক্ত করা হয়েছে কল লিংক তৈরির সুবিধা যার মাধ্যমে একটি নির্দিষ্ট লিংকে ক্লিক করেই যে কেউ সরাসরি মিটিংয়ে যুক্ত হতে পারবেন।

মেটা জানিয়েছে নতুন এই পদ্ধতিতে একটি গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে অংশ নিতে পারবেন। এর ফলে ছোট পরিসরে দাপ্তরিক সভা কিংবা ব্যক্তিগত আড্ডা ব্রাউজার থেকেই সম্পন্ন করা সম্ভব হবে।

প্রাথমিকভাবে এই ফিচারগুলো হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সাধারণ ব্যবহারকারীদের কাছেও এটি পৌঁছে দেওয়া হবে।

নিরাপত্তার বিষয়ে হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে ভিডিও কল এবং স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন বজায় থাকবে। ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ও তথ্যের সুরক্ষা আগের মতোই অটুট থাকছে।

মূলত একটি পূর্ণাঙ্গ অনলাইন কমিউনিকেশন টুল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এনএন/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language