বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে ইউজিসি

ঢাকা, ৪ আগস্ট – দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার ইউজিসি কার্যালয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার থাকলেও পর্যায়ক্রমে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র স্থাপন করা হবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ভাষাগত দক্ষতা অত্যন্ত জরুরি। ভাষা যেন দ্বিপাক্ষিক সহযোগিতায় বাধা না হয়, সে কারণেই চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সভায় দক্ষ শিক্ষক সংকটের বিষয়টি উঠে আসে। ইউজিসি চেয়ারম্যান পরামর্শ দেন, চীনা সহযোগিতায় বাংলাদেশি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান বা চীনে পাঠিয়ে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া যেতে পারে। একইসঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্বান জানান তিনি।
সভায় চীনা প্রতিনিধিদল তাদের গ্লোবাল টিচার্স ট্রেনিং প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষকদের ভাষা দক্ষতা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বাংলাদেশে চীনা দূতাবাসের কালচার কাউন্সেলর লি শাওফেং এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন ও সচিব ড. ফখরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









