বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ঢাকা, ১২ জুন – বাংলাদেশে এসে পৌঁছেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। শুক্রবার দুপুরে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে তিনি পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সীমান্ত এলাকায় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে।
গত এপ্রিল মাসের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
বর্তমানে উভয় পক্ষই সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে। এমন এক প্রেক্ষাপটে নরেন্দ্র মোদি সরকার অভিজ্ঞ রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠিয়েছে। দীর্ঘ সময় পর ভারত কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিল।
পঁচাত্তর বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
দিনেশ ত্রিবেদী ভারতের লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ ও গুজরাট থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন দিনেশ ত্রিবেদী।
এস এম/ ১২ জুন ২০২৬









