বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক: স্পেসএক্সের শেয়ার বিক্রিতে নতুন মাইলফলক

ওয়াশিংটন, ১২ জুন – বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা এক ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের রেকর্ড ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে তিনি এই অনন্য মাইলফলক স্পর্শ করেন।
গত বৃহস্পতিবার স্পেসএক্সের এই শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়।
বাজার বিশ্লেষকদের মতে, এটি মাস্কের ব্যবসায়িক দূরদর্শিতা ও কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের গভীর আস্থারই বহিঃপ্রকাশ।
এই ঘটনার আগে ফোর্বসের তালিকায় মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। তখন তালিকার দ্বিতীয় স্থানে থাকা গুগলের সহ প্রতিষ্ঠাতা লেরি পেজের সম্পদের তুলনায় মাস্কের সম্পদ ছিল অনেক বেশি।
ফোর্বস ওয়েলথের ডেপুটি এডিটর ম্যাট ডুরোট জানান, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর সম্পদ প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি হলেও মাস্কের সম্পদ তার চেয়ে তিন গুণ ছাড়িয়ে গেছে। এর আগে একমাত্র লেরি এলিসনের সম্পদ ৪০০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করার রেকর্ড ছিল।
বর্তমানে মাস্কের সম্পদের সিংহভাগই রয়েছে স্পেসএক্সে। ধারণা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানে তার হাতে থাকা শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ৮৬৬ বিলিয়ন ডলার। ইলন মাস্ক মূলত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের সাফল্যের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। পরবর্তীতে ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার পর তিনি বিশ্ব রাজনীতি ও মুক্তচিন্তার অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন।
অনুসারীদের কাছে মাস্ক তার স্পষ্টবাদী ও ব্যতিক্রমী চরিত্রের জন্য জনপ্রিয় হলেও সমালোচকদের মাঝে তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত প্রায়শই আলোচনার জন্ম দেয়। তবে স্পেসএক্সের এই ঐতিহাসিক শেয়ার বিক্রির ঘটনা প্রমাণ করে যে, মাস্কের নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের ওপর বিনিয়োগকারীদের এখনো প্রবল আস্থা রয়েছে।
এনএন/ ১২ জুন ২০২৬









