ভারতে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের পাম্প থেকে জ্বালানি কেনায় নিষেধাজ্ঞা

নয়া দিল্লি, ১২ জুন – শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পাম্প থেকে সরাসরি পেট্রোল ও ডিজেল কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এখন থেকে এই শ্রেণির গ্রাহকদের নির্ধারিত পাইকারি বিক্রয়কেন্দ্র থেকে জ্বালানি সংগ্রহ করতে হবে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বিভিন্ন এলাকায় ডিজেলের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত ভারতে বাল্ক বা পাইকারি গ্রাহকদের জন্য ডিজেলের দাম খুচরা গ্রাহকদের তুলনায় অনেক বেশি।
পেট্রোল পাম্পে প্রতি লিটার ডিজেলের দাম ৯৫.২০ রুপি হলেও পাইকারি বিক্রয়ে এর দাম ১৩৪.৫০ রুপি। দামের এই বিশাল পার্থক্যের কারণে অনেক বড় গ্রাহক পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে শুরু করেছিলেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো সাধারণ মানুষের সুবিধার্থে খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে রেখেছে।
তবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাজার দরেই জ্বালানি কিনতে হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে আগামী ৯০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাম্প থেকে কেবল যানবাহনের ট্যাংক এবং সরকারিভাবে অনুমোদিত পাত্রে জ্বালানি নেওয়া যাবে।
একজন সাধারণ গ্রাহক দিনে সর্বোচ্চ ২০০ লিটারের বেশি জ্বালানি নিতে পারবেন না। একই সঙ্গে মজুদদারি এবং কালোবাজারি রুখতে রাজ্য সরকারগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ১২ জুন ২০২৬









