দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকা, ১২ জুন – দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় ও নদী অববাহিকার এই অঞ্চলগুলোতে বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল ও জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এনএন/ ১২ জুন ২০২৬









