আইন-আদালত

হারুন-কাদেরের ফোনালাপ: ওপর মহলের নির্দেশে সমন্বয়কদের খাবারের ছবি প্রকাশ

ঢাকা, ১২ আগস্ট – ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবার খাওয়ানো এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশের বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই করা হয়েছিল বলে দাবি করেছেন তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপি উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ডটি প্রমাণ হিসেবে দাখিল করে।

ট্রাইব্যুনালে উপস্থাপিত প্রতিলিপিতে হারুনকে বলতে শোনা যায় যে, সমন্বয়কদের খাওয়ানোর সিদ্ধান্ত তার নিজের ছিল না। বরং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি প্রধানের নির্দেশেই খাবারের ব্যবস্থা এবং ছবি তোলার কাজ সম্পন্ন করা হয়েছিল। ওবায়দুল কাদের ছবি প্রকাশের বিষয়ে প্রশ্ন করলে হারুন জানান যে, ছবি তোলা এবং তা সংবাদমাধ্যমে পাঠানোর সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল।

এ সময় হারুন দাবি করেন যে তিনি যা করেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির নির্দেশ মেনেই করেছেন এবং এর বাইরে তিনি কিছুই করেননি। অন্যদিকে ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আরেকটি অডিও কথোপকথনও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। সেখানে হারুনকে ডিবি থেকে সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল জানান যে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর হারুনের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের এই সিদ্ধান্তে পুলিশের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কার কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে প্রধানমন্ত্রীর নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসামি হিসেবে রয়েছেন যারা বর্তমানে পলাতক। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে এখন যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button