আইন-আদালত
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

ঢাকা, ০৩ অক্টোবর-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এস এম/ ০৩ অক্টোবর ২০২৬







