জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

ঢাকা, ২৮ সেপ্টেম্বর- স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের জন্য নির্বাচনী বিধিমালা ও নির্বাচনী আইন সংশোধন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, তাকে যে ব্যক্তি প্রতিনিধিত্ব করবেন, তাকে অবশ্যই মাদকমুক্ত হতে হবে। সরকারি চাকরি ও পুলিশের ক্ষেত্রে ডোপ টেস্টের নিয়ম রয়েছে।
তিনি বলেন, তিনি একজন করদাতা। তাকে একজন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করেন, আবার এলাকার চেয়ারম্যান ও মেম্বারও তাকে প্রতিনিধিত্ব করেন। তারা যদি মাদকাসক্ত হন, তাহলে জনগণকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং জনগণের অধিকার আদায় করতে পারবেন না।
এ কারণেই নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত বলে তিনি মনে করেন। তার ভাষ্য, জনগণের প্রতিনিধি হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি সুস্থ, স্বাভাবিক ও সুস্থ মনের মানুষ হওয়া উচিত।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।
এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬







