জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ বসছেন অর্থমন্ত্রী

ঢাকা, ১২ জুন – ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ ও জনমনে উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দিতে বাজেট পরবর্তী প্রথাগত সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে যে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের মূল অগ্রাধিকারসমূহ এবং দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের গৃহীত বিশেষ কৌশল বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন।

একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও দেশের সাধারণ নাগরিকদের মনে তৈরি হওয়া বিভিন্ন জিজ্ঞাসারও উত্তর দেবেন তিনি। উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার রেকর্ড পরিমাণ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সরকারের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এস এম/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language