জুনের প্রথম ১০ দিনেই দেশে ১২০ কোটি ডলারের রেমিট্যান্স

ঢাকা, ১২ জুন – চলতি জুন মাসের প্রথম ১০ দিনে দেশে ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ১০ দিনে গড়ে প্রতিদিন প্রায় ১২ কোটি ০৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। সেই তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
পূর্ববর্তী বছরের তুলনায় এটি ১৯ দশমিক ৩১ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের একক মাসে সর্বোচ্চ আয়। মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এস এম/ ১২ জুন ২০২৬









