উত্তর আমেরিকা

বিশ্ববাজারে স্বর্ণের দামের ব্যাপক পতন

ওয়াশিংটন, ৫ জুন – মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম চলতি সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে এবং বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ছয় শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার চারশ ৪৫ দশমিক ৫১ ডলারে পৌঁছায়। চলতি সপ্তাহ জুড়ে স্বর্ণের বাজারে প্রায় দুই শতাংশ দরপতন লক্ষ্য করা গেছে।

যুক্তরাষ্ট্রে আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে স্বর্ণের ফিউচার দরও শূন্য দশমিক সাত শতাংশ হ্রাস পেয়ে চার হাজার চারশ ৭১ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার ক্ষেত্রে অনিশ্চয়তা এবং ইসরায়েলের অনড় অবস্থান বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে।

এবিসি রিফাইনারির কর্মকর্তা নিকোলাস ফ্র্যাপেল জানান, ইরানের সঙ্গে সংঘাতের সমাধান না হওয়া এবং মুদ্রানীতি আরও কঠোর হওয়ার সম্ভাবনা স্বর্ণের মূল্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার অপরিবর্তিত রাখা অথবা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন।

সাধারণত সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগকারীরা স্বর্ণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেন। শুধু স্বর্ণ নয়, রুপা ও প্লাটিনামসহ অন্যান্য ধাতুর দামও বিশ্ববাজারে হ্রাস পেয়েছে।

ভারতে স্বর্ণের চাহিদা কম ছিল এবং চীনের বাজারেও প্রিমিয়াম হ্রাস পেয়েছে। আসন্ন মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language