জামালপুর

জামালপুরে গভীর রাতে ডাকাতি শেষে দম্পতির ওপর এসিড নিক্ষেপ

জামালপুর, ৩১ মে – জামালপুরের ইসলামপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি এক দম্পতির ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। গত শুক্রবার রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

বর্তমানে দগ্ধ ওই দম্পতি গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌর এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে আল আমিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার রাতে সংঘবদ্ধ ডাকাত দল কৌশলে আল আমিনের পাকা ঘরে প্রবেশ করে অবস্থান নেয়।

বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তারা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন সেট লুট করে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা আল আমিন ও তার স্ত্রী আখিয়া আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করে। আল আমিনের চাচা হাসর আলী জানান, গভীর রাতে চিৎকার শুনে স্বজনরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।

এসিডে দগ্ধ অবস্থায় তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language