চট্টগ্রামের হাটে পশুর পসরা, দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দরকষাকষি

চট্টগ্রাম, ২৪ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামের পশুর হাটগুলোতে ব্যাপক পশু আমদানি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা বিপুলসংখ্যক গবাদিপশু নিয়ে আসলেও এখনও বেচাকেনা পুরোপুরি শুরু হয়নি।
ক্রেতা ও বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। এ কারণে ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে দরদাম যাচাই করছেন। নগরীর অন্যতম প্রধান পশুর হাট বিবিরহাটে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা যেমন চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, মাগুরা ও যশোর থেকে আসা পশুতে পুরো হাট পরিপূর্ণ।
চট্টগ্রামের মানুষের বড় গরুর প্রতি বিশেষ ঝোঁক থাকায় ব্যাপারীরা বড় আকারের গরু বেশি এনেছেন। ক্রেতারা জানান, গত বছরের তুলনায় বড় গরুতে ২০ থেকে ৩০ হাজার টাকা এবং মাঝারি গরুতে ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে।
বিক্রেতারা দাম বৃদ্ধির কারণ হিসেবে গোখাদ্যের অতিরিক্ত মূল্য ও পরিবহন খরচকে দায়ী করছেন। কুমিল্লা থেকে আসা এক ব্যাপারী জানান, পথিমধ্যে কোনো চাঁদাবাজির শিকার না হলেও আনুষঙ্গিক খরচ বাড়ায় দাম কিছুটা সমন্বয় করতে হচ্ছে।
অন্যদিকে, কিছু ব্যবসায়ী মনে করছেন প্রচুর পশুর সরবরাহ থাকায় ক্রেতারা দাম কম বলছেন। বাজারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্য এবং পশুর স্বাস্থ্য পরীক্ষায় পশু চিকিৎসকদল নিয়োজিত রয়েছেন।
এস এম/ ২৪ মে ২০২৬









