ইরানের অভ্যন্তরে সৌদি আরবের গোপন সামরিক অভিযানের খবর ফাঁস

রিয়াদ, ১৩ মে – যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার পাল্টা জবাবে রিয়াদও কোনো ঘোষণা ছাড়াই ইরানে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে যে সৌদি আরব সরাসরি ইরানি ভূখণ্ডে এসব সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে হামলা চালিয়েছিল বলে তথ্য পাওয়া যায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফরের প্রাক্কালে বলেছেন যে ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে তারা ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য আমেরিকার অসততাকে দায়ী করেছেন। রয়টার্সের প্রতিবেদনে পশ্চিমা এবং ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সৌদি বিমানবাহিনী সম্ভবত গত মার্চের শেষ দিকে এই হামলাগুলো পরিচালনা করেছিল।
এই পদক্ষেপের মাধ্যমে রিয়াদ তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরও কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। যদিও সৌদি আরব ঐতিহাসিকভাবে মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভরশীল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করছে।
এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে জানিয়েছে যে পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত ইরানি তেল স্থাপনাগুলোতে সংযুক্ত আরব আমিরাত অন্তত একটি বিমান হামলা চালায়। তবে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এস এম/ ১৩ মে ২০২৬









