কলকাতায় বুলডোজার নিয়ে তাণ্ডব: নিউমার্কেটে তৃণমূল অফিস ও মাংসের দোকানে হামলা

কলকাতা, ৬ মে – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের রেশ কাটতে না কাটতেই রাজ্যে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক সহিংসতা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিশেষ করে কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেট এলাকায় বুলডোজার নিয়ে তাণ্ডব চালানোর ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) রাতে কলকাতার ঐতিহাসিক হগ মার্কেট বা নিউমার্কেট এলাকায় একদল উগ্র বিজেপি সমর্থক বুলডোজার নিয়ে হাজির হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়োল্লাসের নামে আসা এই কর্মীরা সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
ভয়াবহ এই তাণ্ডব কেবল রাজনৈতিক কার্যালয়েই সীমাবদ্ধ থাকেনি; হামলা চালানো হয়েছে পাশের একটি মাংসের দোকানেও। ব্যস্ততম এই বাণিজ্যকেন্দ্রে এমন সহিংসতা দেখে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে সেখানে উত্তেজনা কমাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
এই সহিংসতার ঘটনায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।
মহুয়া মৈত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যঙ্গাত্মক সুরে লিখেছেন, “কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট। বাঙালিরা পরিবর্তনের মাঝে আনন্দ করছেন।”
ডেরেক ও’ব্রায়েন, তিনি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিডিও ও ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, “মধ্য কলকাতায় পুলিশের অনুমতি নিয়েই যেন বিজয় উল্লাসের অংশ হিসেবে বুলডোজার আনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। আমি বিজেপিকে বলব, বিশ্বকে এসব দৃশ্য দেখতে দিন।”
এনএন/ ৬ মে ২০২৬









