ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক

ভিয়েনা, ২৮ জুন – আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার নাটকীয় ড্র নিয়ে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। ৩-৩ গোলের এই ফলাফলে ইরান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে কোচ রাংনিক মনে করেন, ম্যাচের শেষ দেড় মিনিটে যা ঘটেছে তা সব সন্দেহ দূর করার জন্য যথেষ্ট।
ম্যাচে শুরুতে অস্ট্রিয়া এগিয়ে গেলেও পরে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে। যোগ করা সময়ের ৯৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান বজায় ছিল। কিন্তু ৯৬তম মিনিটে সাসা কালাইজদজিচের নাটকীয় গোলে সমতায় ফেরে অস্ট্রিয়া। এই ড্রয়ের মাধ্যমে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দলটি। আগামী ২ জুলাই শেষ ৩২ এর লড়াইয়ে তারা স্পেনের মুখোমুখি হবে।
ম্যাচ শেষে রাংনিক বলেন, ৩-৩ স্কোরের এমন একটি ম্যাচ দেখে কেউই বলতে পারে না যে এটি কোনো সমঝোতার ফল। বিশেষ করে শেষ মুহূর্তের রোমাঞ্চকর পরিস্থিতি সব বিতর্ককে ভুল প্রমাণ করে।
ফুটবল ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি জানিয়ে অস্ট্রিয়া কোচ এই ম্যাচকে হলিউডের সিনেমার সঙ্গে তুলনা করেন। তার মতে, কিংবদন্তি নির্মাতা আলফ্রেড হিচককও যদি এমন কোনো চিত্রনাট্য লিখতেন, তবে তাকে হয়তো পাগল মনে করা হতো। নাটকীয় এই প্রত্যাবর্তনের পর পুরো দলই উচ্ছ্বসিত বলে জানান তিনি।
এনএন/ ২৮ জুন ২০২৬









