আগামীকাল হিউস্টনে ব্রাজিলের সামনে জাপান, সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী!

হিউস্টন, ২৮ জুন – বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ব্রাজিল ও জাপান। গত বছরের প্রীতি ম্যাচে জাপানের কাছে হারের প্রতিশোধ নিয়ে টুর্নামেন্টে সামনে এগিয়ে যাওয়াই এখন সেলেসাওদের মূল লক্ষ্য।
অন্যদিকে জাপানের লক্ষ্য টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নকআউট ম্যাচে জয় লাভ করা। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় ব্রাজিল তাদের শেষ ছয়টি নকআউট ম্যাচের চারটিতেই পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে তারা হেরেছে যা তাদের আগের ১৭টি আসরের তুলনায় অনেক বেশি। তবে স্বস্তির বিষয় হলো ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিল নকআউটের প্রথম রাউন্ডে আর কখনো পরাজিত হয়নি।
অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৩ শতাংশ এবং জাপানের সম্ভাবনা ১৯.৭ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৩ শতাংশ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ব্রাজিল ১১টি ম্যাচে জয় পেয়েছে এবং জাপান জিতেছে মাত্র একটিতে।
এনএন/ ২৮ জুন ২০২৬









