বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল, মির্জা ফখরুলের শোক

ঢাকা, ৬ মে – বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন। বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন যে বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মতো তিনিও গভীরভাবে ব্যথিত।
মির্জা ফখরুল মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে শিক্ষক হিসেবে পেশাগত জীবনে তিনি অত্যন্ত নীতিপরায়ণ ছিলেন। একজন আদর্শ নারী হিসেবে তিনি তার সন্তানদের সুশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকবিহ্বল পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এস এম/ ৬ মে ২০২৬









