নির্বাচনে ভরাডুবির পর মুক্ত পাখির মতো জনসেবা করতে চান মমতা ব্যানার্জী

কলকাতা, ৫ মে – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না পেলেও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। একই সঙ্গে তিনি ভারতের জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের হয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জীর পাশে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, তিনি এখন মুক্ত পাখির মতো মানুষের সেবা করবেন। পরবর্তী পদক্ষেপ দলগতভাবে নির্ধারণ করা হবে এবং যথাসময়ে তা সবাইকে জানানো হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল প্রধান দাবি করেন, প্রায় ১০০টি আসনে গায়ের জোরে কারচুপি করা হয়েছে।
তিনি এই নির্বাচনে পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে বলেন, ভোটের আগে ষড়যন্ত্রমূলকভাবে দলীয় কর্মীদের গ্রেপ্তার এবং প্রশাসনিক রদবদল করে তৃণমূলকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াই দেখলেও এমন নজিরবিহীন নির্বাচন আগে কখনো দেখেননি বলে তিনি মন্তব্য করেন।
মমতা ব্যানার্জী আরও অভিযোগ করেন যে তার নির্বাচনী এজেন্টদের মারধর করা হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তিনি এই পরিস্থিতিকে বিজেপি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর একটি সমন্বিত চক্রান্ত হিসেবে অভিহিত করেন।
জাতীয় রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা তার সাথে যোগাযোগ করেছেন এবং পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনে বিজেপি ২০৬টি আসন পেয়ে জয়লাভ করেছে যেখানে তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে সীমাবদ্ধ রয়েছে।
এনএন/ ৫ মে ২০২৬









