পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকা আয়েশা গিলামানাকে গুলি করে হত্যা

ইসলামাবাদ, ১৭ আগস্ট – পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবি ওরফে আয়েশা গিলামানাকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে এই ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা ফজল সাহেবজাদার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন কাশিফ নামে এক ব্যক্তির ফোন কল পেয়ে শামসো বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়।
একটি গুলি শামসো বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্য একটি যানবাহনকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন। নিহতের বাবা পুলিশকে জানিয়েছেন, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল।
অর্থ ফেরতের দাবিতে ওই দুই ব্যক্তি শামসো বিবিকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। এই ঘটনায় আগে থেকেই ইসলামাবাদের একটি থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল। নিহত শামসো বিবি গত তিন থেকে চার বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করছিলেন এবং টিকটকে তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









