উত্তর ২৪ পরগনায় মমতার গাড়িতে হামলা ও পাথর নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

কলকাতা, ৯ আগস্ট – পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায় যাওয়ার পথে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে।
এই হামলার ঘটনায় মমতা ব্যানার্জী দাবি করেছেন যে, গাড়ির জানালার কাঁচ বন্ধ না থাকলে পাথর লেগে তার মাথায় বড় ধরনের চোট লাগতে পারত কিংবা প্রাণহানির আশঙ্কা ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, হালিশহরে পুলিশের হেফাজতে মৃত্যু হওয়া বীরজু কেওট নামের এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মমতা ব্যানার্জী। সেখানে পৌঁছালে একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ধরে এবং কাদা, জুতা ও পানির বোতল ছুড়ে মারে। এই সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মমতা ব্যানার্জী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, পুলিশকে সামনে রেখেই বহিরাগত অসামাজিক লোক এই হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ তাদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
মমতা ব্যানার্জীর সঙ্গে থাকা সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, প্রশাসনের যোগসাজশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, বীরজু কেওটের মৃত্যু নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন যে, এফআইআরে নাম না থাকা সত্ত্বেও বীরজু কেওটকে কেন গ্রেপ্তার করা হলো এবং হেফাজতে থাকাকালীন তার মৃত্যু কীভাবে হলো তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে এই হামলার ঘটনায় বিজেপির কোনো দায় নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি এই অনভিপ্রেত ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন যে, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। বিজেপি এই ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলেও তিনি উল্লেখ করেন।
বীরজু কেওট চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং গত শুক্রবার আদালত তাকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছিল। তার স্ত্রী জেনি শর্মা অভিযোগ করেছেন যে, পুলিশি নির্যাতনেই বীরজুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









