জাতীয়
ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাকা, ২৬ সেপ্টেম্বর- রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমানা এলাকায়। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
একটি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে এ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। ধানমন্ডি পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬







