মধ্যপ্রাচ্য

ইরান সর্বাত্মক বহুমাত্রিক যুদ্ধে রয়েছে: আইআরজিসি কমান্ডার

আইআরজিসি কমান্ডার

তেহরান,২৬ সেপ্টেম্বর- সামরিক সংঘাতের পাশাপাশি ইরান এখন অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকসহ নানা দিক থেকে একটি সর্বাত্মক বহুমাত্রিক যুদ্ধে জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি বলেছেন, ইরান বর্তমানে এমন একটি সম্মিলিত যুদ্ধের মুখোমুখি, যার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্ঞানভিত্তিক (কগনিটিভ) বিভিন্ন মাত্রা রয়েছে।

মনস্তাত্ত্বিক লড়াই প্রসঙ্গে আইআরজিসি কমান্ডার বলেন, কগনিটিভ বা জ্ঞানভিত্তিক এই যুদ্ধে প্রতিপক্ষ বা শত্রু দেশগুলো প্রধান অস্ত্র হিসেবে গণমাধ্যম ও সাইবার স্পেস ব্যবহার করছে। এর মূল লক্ষ্য হলো জনমতকে নিজেদের পক্ষে প্রভাবিত করা এবং ইরানজুড়ে মনস্তাত্ত্বিক অস্থিতিশীলতা তৈরি করা।

একই সঙ্গে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে মোহাম্মদ কারামি বলেন, তেহরান সব সময় যেকোনো ধরনের জুলুম ও অবিচারের বিরুদ্ধে অনড় অবস্থানে রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে তাদের এই সামরিক ও নৈতিক প্রতিরোধের লড়াইও অব্যাহত থাকবে।

এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language