হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ওমান-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

তেহরান,২৬ সেপ্টেম্বর- আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মূলত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা কমানো, আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা সমস্যাগুলোর স্থায়ী সমাধান খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে।
একই সঙ্গে বিশ্ব বাণিজ্য ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে হরমুজ প্রণালিতে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর দুই পররাষ্ট্রমন্ত্রীই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬







