মধ্যপ্রাচ্য

ইরানের বন্দরে সব দেশের জাহাজে সমানভাবে অবরোধ কার্যকর: সেন্টকম

তেহরান, ১৫ এপ্রিল – ইরানের বন্দরগুলোতে দেওয়া অবরোধ সব দেশের জাহাজের জন্য সমানভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে ঢোকা কিংবা সেখান থেকে বের হওয়া—সব ধরনের জাহাজের ওপরই এই অবরোধ প্রয়োগ করা হচ্ছে।

এই অবরোধ বাস্তবায়নে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিভিন্ন সামরিক সম্পদ মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০–এর বেশি নাবিক থাকে, যারা আক্রমণ ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযানের জন্য প্রশিক্ষিত।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে হতে পারে। তবে বৈঠকটি কোথায় হবে, সে বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে।

পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্বিতীয় দফা বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা খুব শিগগিরই হতে পারে। তবে আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এখনো বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান ঠিক হয়নি।

সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নামও আলোচনায় আছে। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফা আলোচনার জন্য তুরস্ক ও মিশরও সম্ভাব্য আয়োজক হতে পারে।

এনএন/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language