বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী দল, দর্শনার্থীদের ব্যাপক উচ্ছ্বাস

ঢাকা, ১৪ এপ্রিল – পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। সকাল ৯টায় শুরু হওয়া এই বর্ণিল শোভাযাত্রার একেবারে সম্মুখভাগে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করে।
ডিএমপির অশ্বারোহী ইউনিটের নেতৃত্ব দেওয়া পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, এবারের আয়োজনে ২০টি বিশেষভাবে প্রশিক্ষিত থ্রোব্রেড রাইডিং হর্স অংশ নিয়েছে। এই ঘোড়াগুলো মূলত তাদের গতিশীলতা, সহনশীলতা এবং নিয়ন্ত্রিত আচরণের জন্য সুপরিচিত।
শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখার জন্য ভিড় জমান এবং অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঢোলবাদ্যের তালে এবং রঙিন মোটিফের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের এই বহুল প্রতীক্ষিত শোভাযাত্রা শুরু হয়।
এবারের শোভাযাত্রায় শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে মোরগ, বেহালা, পায়রা, হাতি এবং ঘোড়া এই পাঁচটি লোকজ মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা এবং জাতীয় পতাকা বহনকারী ২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬









