কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নম্বরবিহীন বাইকে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

কিশোরগঞ্জ, ৬ এপ্রিল – কিশোরগঞ্জে একটি ফিলিং স্টেশনে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে এক কারারক্ষী আটক হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটককৃত কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব আহমেদ একটি কালো রঙের নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে যান।

সাধারণ গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও তিনি সেই লাইন উপেক্ষা করে তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ সেখানে জ্বালানি তেল বণ্টন কার্যক্রম তদারকি করছিলেন। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না থাকায় তিনি ওই কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে শিহাব আহমেদ মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ জানান, আটক কারারক্ষীকে জেল সুপারের জিম্মায় দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তাকে জানিয়েছেন। অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language