জাতীয়

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০১, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক

ঢাকা, ২৫ আগস্ট – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৫০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ২৫ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন আটক হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৫ জন এবং লালবাগ বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক অভিযানে চারজনকে আটক করে।

এই সাঁড়াশি অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা এবং দুই গ্রাম হেরোইন। এছাড়া অপরাধে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। একই অভিযানে এক ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language