সিলেটে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সিলেট, ৫ এপ্রিল – সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যা নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
এদিকে এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া থাকতে পারে।
এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা সাধারণত স্বাভাবিক থাকবে। তবে এর মধ্যে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে গরমের তীব্রতা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।
মার্চ মাসের আবহাওয়ার পর্যালোচনায় দেখা যায়, দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অনেক বেশি। বিপরীতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মার্চ মাসজুড়ে পশ্চিমা লঘুচাপ ও পূবালী বায়ুপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া ছিল। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ৮৩ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এপ্রিল মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকার পাশাপাশি কৃষি আবহাওয়া অনুকূল থাকবে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









