বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে

ঢাকা, ৪ এপ্রিল – দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বার কাউন্সিলের সচিব এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং ল রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ এই সভায় কাউন্সিলের অন্যান্য সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান অংশগ্রহণ করেন।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









