৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল অয়েল ট্যাংকার

চট্রগ্রাম, ৪ এপ্রিল – মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, জাহাজটি রাতের মধ্যেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেবে। শনিবার এটি বন্দরে বার্থিং করার কথা রয়েছে।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া থেকে আসা এই জাহাজে ৩৪ হাজার টনের চেয়েও কিছুটা বেশি ডিজেল রয়েছে। এর আগে একই দিন বেলা ২টার দিকে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি ৬ এ বার্থিং করে।
এই জাহাজটিরও স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই বিপুল পরিমাণ ডিজেল আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









