কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, আকাশ প্রতিরক্ষা দেবে যুক্তরাজ্য

কুয়েত শহর, ৩ এপ্রিল – কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ স্থাপনায় আকস্মিক হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সকালে এই হামলার ঘটনার পর মিত্র দেশ কুয়েতকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
ইরানি হামলা প্রতিহত করতে এবং নিরাপত্তা জোরদার করতে কুয়েতে নিজেদের অত্যাধুনিক র্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশ সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই ফোনালাপের পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি কুয়েতের আমিরকে আশ্বস্ত করেছেন যে, মধ্যপ্রাচ্যে কুয়েত এবং অন্যান্য মিত্রদের সুরক্ষায় যুক্তরাজ্য সর্বদা পাশে থাকবে।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









