মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরানে রাশিয়ার বিশেষ সামরিক বিমান

তেহরান, ১৪ জুলাই – মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানে অবতরণ করেছে রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ। সোমবার সকালে মস্কো থেকে উড়ে আসা টিইউ ২১৪ পিইউ মডেলের এই বিমানটি তেহরানে নামে। ফ্লাইটরাডারের তথ্যের বরাতে এই খবরটি নিশ্চিত হওয়া গেছে।
সংবাদমাধ্যমে রাশিয়ার ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান হিসেবে পরিচিত এই উড়োজাহাজটি মূলত রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের একটি অত্যন্ত শক্তিশালী যোগাযোগ কেন্দ্র। এই বিমানটির হঠাৎ তেহরানে আগমন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
যদিও এই সফরের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে রাশিয়ার কোনো শীর্ষ পর্যায়ের নেতার ইরান সফরের প্রস্তুতি নিতেই এটি ব্যবহৃত হচ্ছে। সাধারণত রাশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের বিদেশ সফরের সময় এই বিশেষ বিমানটি বহরের অংশ থাকে।
এর আগে গত ১৬ জুন রাশিয়ার প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরের সময় এই বিমানটি সেখানে দেখা গিয়েছিল। এছাড়া গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক আগেও তেহরানে এটি অবতরণ করেছিল। তখন রাশিয়ার জ্বালানিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করেছিলেন।
গত নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদেও বিমানটি দেখা গিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে যে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্ভাব্য সফরের কথা নিশ্চিত করেছে।
বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে রাশিয়ার এই বিশেষ বিমানের উপস্থিতি ভূরাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









