ইয়েমেনি বাহিনীর হুমকিতে ইসরায়েলের ইলাত বন্দরের কার্যক্রম আবারও বন্ধ

তেল আবিব, ১৮ সেপ্টেম্বর- ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বাড়তে থাকা হুমকির মধ্যে ইসরায়েলের একমাত্র লোহিত সাগরীয় বন্দর ইলাতের কার্যক্রম আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে ইহুদি উৎসবের মৌসুম থাকায় এই সময়ে বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ও স্থানীয় প্রশাসন।
সম্প্রতি ইসরায়েলি চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইলাতের মেয়র এলি ল্যাঙ্করি স্বীকার করেছেন, ইয়েমেনি বাহিনী বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এতে আন্তর্জাতিক নৌপথে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ল্যাঙ্করি জানান, জর্ডান হয়ে বিকল্প পথে যে আংশিক নৌ যোগাযোগ চালু ছিল, চলমান উত্তেজনার কারণে সেটিও এখন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি লোহিত সাগরের এই বন্দরকে শুধু ইলাত শহরের জন্য নয়, পুরো ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক সম্পদ হিসেবে উল্লেখ করেন।
এদিকে সমুদ্র, আকাশ ও স্থলপথ থেকে অক্টোবরের ঘটনার মতো বহুমুখী হামলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে শিন বেতের নিরাপত্তা সতর্কতার পর ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো সব ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
আল মায়াদিনের ইসরায়েলবিষয়ক বিভাগের মূল্যায়নে বলা হয়েছে, বর্তমানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বাব আল-মান্দেব প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশ থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থান করছে। ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, ইয়েমেনি বাহিনী এখন খালি চোখে জাহাজ দেখতে পাচ্ছে এবং বিস্ফোরকবোঝাই নৌকা ও অ্যান্টি-আরমার অস্ত্র দিয়ে সেগুলোতে হামলা চালাতে সক্ষম। বৈশ্বিক কনটেইনার পরিবহনের প্রায় ২০ শতাংশ এবং প্রতিদিন ৬০ লাখ ব্যারেল তেল সরবরাহ হওয়া এই প্রণালির পূর্ব তীরের ওপর ইয়েমেনিদের এই নিয়ন্ত্রণ এশিয়া ও ইউরোপের মধ্যকার বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলছে।
এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬







