কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে দোহা গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকা, ১৪ জুলাই – কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের পথে রওনা হন। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে যে সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সেখানে তিনি আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। উল্লেখ্য যে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে কাতার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশেও এই বর্ষীয়ান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









