ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, স্পষ্ট জানালেন কিয়ার স্টারমার

লন্ডন, ৩১ মার্চ – ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে কোনোভাবেই জড়াবে না যুক্তরাজ্য।
সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিষয়ে তার দেশের অবস্থান পরিষ্কার করেছেন।তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরানের ভূখণ্ডে কোনো অবস্থাতেই ব্রিটিশ বাহিনী প্রবেশ করবে না।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সেনা পাঠানোর কোনো সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, এটি তাদের যুদ্ধ নয় এবং তারা এতে কোনোভাবেই নিজেদের যুক্ত করবেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেশের অবস্থান তুলে ধরে আরও বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাজ্য মূলত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এর প্রধান উদ্দেশ্য হলো ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষা করা, যুক্তরাজ্যের স্বার্থ অক্ষুণ্ণ রাখা এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি যুক্তরাজ্য নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
তবে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জোর দিয়ে বলেন যে, সরাসরি এই যুদ্ধে যুক্তরাজ্যের জড়ানোর কোনো সুযোগ নেই।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









