তিন শ্রমিককে সাজার প্রতিবাদে রংপুর বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধ

রংপুর, ২৯ মার্চ – নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এই ধর্মঘটের সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনও একাত্মতা প্রকাশ করেছে।
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি লরি নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শ্রমিকরা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। সে সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও জনপ্রতি এক লাখ টাকা করে জরিমানা করেন।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শনিবার রাতে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়ে রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাকে বদলি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র জানান আইনি বিধি মেনেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড প্রদান করা হয়েছে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









