রংপুর

শেখ হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতা: বেরোবির ৭ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

রংপুর, ৬ আগস্ট – ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচালিত গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য ৫ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। গঠিত এই কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার মোছা. রেহেনা আক্তার মনিকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন আল রশীদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন মিশনে লিপ্ত রয়েছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এই প্রক্রিয়ায় জড়িত কি না, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button