রংপুর

রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

রংপুর, ২৩ আগস্ট – রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িটি তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুই যুবককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তরা পাশের ভবনের ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করে। সেখানে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে গণপতি চক্রবর্তীকে এবং পরে একে একে তার স্ত্রী ও সন্তানদের হত্যা করা হয়। হত্যার পর তারা ওই বাড়ির বাথরুমে গোসল করে এবং ডাইনিং টেবিলে বসে মাদক ও খেজুর সেবন করে।

তদন্ত ভিন্ন দিকে সরাতে তারা বাড়ি লুটপাটের নাটক সাজিয়েছিল এবং প্রমাণ নষ্ট করতে মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখেছিল। পুলিশ এই ঘটনার আরও গভীর তদন্ত করছে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language