দেশে হামে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্তের সংখ্যা বাড়ছে

ঢাকা, ২৬ আগস্ট – হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না। গত চব্বিশ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, দুইজন বরিশালের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। এই একই সময়ে নতুন করে আরও ৭৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৮৫১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও ৯৯ জন মারা গেছেন যাদের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় দেশে ৭৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ৩৮০ জনের প্রাণহানি হয়েছে। এর পরেই সিলেট বিভাগে ১৪৩ জন মারা গেছে। এছাড়া রাজশাহী বিভাগে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
অধিদপ্তর আরও জানায়, গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১ হাজার ৯৮ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১ হাজার ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ এবং নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬৫১ জনে পৌঁছেছে।
এনএন/ ২৬ আগস্ট ২০২৬









