ইসরায়েলি বাধায় টানা চার সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

জেরুজালেম, ২৮ মার্চ – দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর নিষেধাজ্ঞার কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পর থেকেই মসজিদটিতে সাধারণের প্রবেশ কার্যত বন্ধ রাখা হয়েছে। শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে জেরুজালেমের পুরোনো শহর এবং মসজিদের প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরায়েল। সাধারণ মুসল্লিদের মসজিদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।
এমনকি আশপাশের রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলেও ইসরায়েলি বাহিনী তাদের সরিয়ে দেয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী বর্তমানে শুধু ওয়াকফ দপ্তরের সীমিতসংখ্যক কর্মী মসজিদে প্রবেশ করতে পারছেন। আল-আকসা মসজিদের পাশাপাশি খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অফ দ্য হলি সেপালকার বা কিয়ামা গির্জায়ও প্রবেশ বন্ধ রেখেছে দখলদার প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরোনো শহরের আশপাশে নামাজ পড়তে গেলে পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করে দেয়।
বাধ্য হয়ে অনেকে শহরের ছোট ছোট মসজিদে এবং কেউ কেউ সিলওয়ান শহরের রাস আল-আমুদ এলাকায় রাস্তার ওপর জুমার নামাজ আদায় করেছেন। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে আল-আকসায় এ ধরনের কঠোর নিষেধাজ্ঞা জারি করা হলো। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, নিরাপত্তার অজুহাতে আল-আকসাকে মুসল্লিশূন্য করে এর পুরো নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









