খুলনা

বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থী

খুলনা, ১৬ মার্চ – বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪২ জন শিক্ষার্থী। সদ্য প্রতিষ্ঠিত একটি বিভাগ থেকে তিন ব্যাচের শিক্ষার্থীদের এমন সাফল্য বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্টদের জন্য এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

গত রোববার বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার সারা দেশ থেকে মোট আট হাজার ৫৯৯ জন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়ে বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণদের মধ্যে আইন ১৭ ব্যাচের রয়েছেন শেখ সোহাগ হোসেন, ইনজামুল ইক ইমন, আরমান হোসেন আরিফ, মো. আবুল কালাম আজাদ সবুজ, মো. আহসানুল হক ফরহাদ, শেখ সাব্বির হোসেন, রাজু আহমেদ, মাসনুন কবির মাহিন, মো. ওয়ালিউল্লাহ এবং কাজী শামস মাহমুদ। আইন ১৮ ব্যাচ থেকে উত্তীর্ণ হয়েছেন মো. রাকিবুল হাসান, সুজন দাস, মেহেদী হাসান, সাথী মালাকার, রোকেয়া শিমু, ফারিয়া আহমেদ, রাশিদা জাহান দিশা, মাহমুদুল, নাজনীন, সুমাইয়া, তামান্না তাসনিয়া, মো. সুজন হোসাইন, আমেনা, মাহবুবা, ফাতিমা তাহসিন তোভা, শেখ মেহেদী হাসান, আতাউল্লাহ এবং আব্দুর রহমান শামীম।

এছাড়া আইন ১৯ ব্যাচ থেকে আইনজীবী হয়েছেন হেলাল আজিম, শাহরিয়ার আলম শাকিল, হাসনাঈন মাহমুদ, হাফসা বিনতে আযুব তুলি, আব্দুল্লাহ আল মামুন, সেজুতি শারমিন সাদিয়া, শারদা বিশ্বাস, মো. নাসিম বিল্লাহ, রুমায়া হুসাইন, আছিয়া খাতুন, নানজিবা তাসনিম, জাহিদ ইসলাম, জয়দেব পাল, ফাহামি ফয়সাল এবং হুমায়ুন মোল্লা।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনা করতে পারবেন। আইন পেশা শুরু করার জন্য আগামী ছয় মাসের মধ্যে তাদের নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

এই সাফল্যের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের প্রধান পুণম চক্রবর্তী বলেন, এক বছরে ৪২ জন শিক্ষার্থীর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া তাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। তিনি আরও উল্লেখ করেন, নতুন বিভাগ হিসেবে এটি নিঃসন্দেহে একটি বিশাল সাফল্য।

এ পর্যন্ত তিনটি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে এবং শুরুতেই এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের মান ও সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। শিক্ষার্থীরা যখন আইন বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতা নিয়ে আদালতে কাজ করবেন, তখন তা শুধু তাদের ব্যক্তিগত সাফল্যই নয়, বরং সামগ্রিক বিচারব্যবস্থার জন্যও ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৭ সালে।

এ এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language