খুলনা

খুলনায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে জোড়া খুন: এলাকা জুড়ে চরম আতঙ্ক!

খুলনা, ২০ আগস্ট – খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আশিবিঘা বালুর মাঠ ও সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার খোকনের ছেলে মো. মনজুরুল ইসলাম এবং মুনীরের ছেলে নাজমুল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আশিবিঘা এলাকার একটি বালুর মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলা শেষে কিশোর গ্যাং লিডার সাইফি ও তার সহযোগীদের সাথে মনজুরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে এবং গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুলকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৮টার দিকে প্রথম ঘটনাস্থল থেকে কয়েকশ ফুট দূরে নাজমুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, অপরাধীদের শনাক্ত করতে সিআইডির বিশেষজ্ঞ দল কাজ করছে। তারা পৌঁছানোর পর মরদেহের সুরতহাল সম্পন্ন করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language