খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত: ফুটবল খেলা নিয়ে বিরোধের সন্দেহ

খুলনা, ১৯ আগস্ট – খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ওই এলাকার খোকনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় তিনি একজন শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো প্রকাশ্য শত্রুতা ছিল না। ঘটনার সময় তিনি এলাকায় অবস্থান করছিলেন, তখন অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের তথ্য পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language