খুলনা
খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি হয়নি

খুলনা,১৬ নভেম্বর-খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোমাটি ভবনের সামনের সিঁড়ির ওপর বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ আগুন জ্বলার পর নিভে যায়।
জানা গেছে, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বোমাটি ভবনের সিঁড়িতে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







